শিক্ষা

এইচএসসির প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ১,১২৭ জন পরীক্ষার্থী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ ২০:৫৫

ছবি : সংগৃহীত

সিলেটসহ সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। 

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে প্রথম দিনেই ১ হাজার ১২৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন জানান, এবার বোর্ডের অধীনে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ২১৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৫২৮ জন।

বোর্ডের অধীনে চার জেলার ৯৬টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৫৭ হাজার ১৭৬ জনের। এর মধ্যে উপস্থিত ছিলেন ৫৬ হাজার ৪৯ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ১২৭ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৭ শতাংশ।

জেলাভিত্তিক হিসেবে সিলেটে ২৫ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ হাজার ৬৪৫ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৩৭৩ জন।

 হবিগঞ্জে ১০ হাজার ১৮০ জনের মধ্যে ২৩৯ জন, মৌলভীবাজারে ১১ হাজার ৩২৮ জনের মধ্যে ২৫৪ জন এবং সুনামগঞ্জে ১০ হাজার ৬৫০ জনের মধ্যে ২৬১ জন পরীক্ষায় অংশ নেননি।

গত বছরের তুলনায় এবার সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন। বর্তমানে বিভাগের ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন।

এদিকে পরীক্ষা নির্বিঘ্ন করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দ, মাইক ব্যবহার, অস্ত্র বা বিস্ফোরক বহন এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামী ৮ আগস্ট পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

শিক্ষা থেকে আরো পড়ুন