ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৭
গোয়াইনঘাট উপজেলায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে নতুন ভাংগা হাওর, বিছানাকান্দি জিরো পয়েন্ট, গোরাগ্রাম ও মনোরতল বাজার এলাকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ধ্বংস করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আটক ছয়জনের মধ্যে সরাসরি জড়িত না থাকায় তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি তিনজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি করে বা আইন অমান্য করে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও বিজিবি, পুলিশ ও আনসারের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন