সিলেটের পাহাড়ি টিলাগুলোতে ঐতিহ্যগতভাবে পান চাষ করে আসছেন খাসিয়া সম্প্রদায়ের লোকজন। নিজেদের ভাষায় তাঁরা পানকে ‘টেম্পেউ’ বলে থাকেন। যুগ যুগ ধরে এই পান চাষকেই প্রধান জীবিকা হিসেবে বেছে নিলেও চলতি মৌসুমে নানা সংকটে পড়েছেন মৌলভীবাজারের খাসিয়া পানচাষীরা। সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং ন্যায্যদাম না পাওয়ায় লাভের মুখ তো দূরের কথা, প্রতিদিনের খরচ মেটাতে গিয়ে লোকসানের মুখে পড়ছেন তাঁরা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও রাজনগর উপজেলায় ছোট-বড় ৬৫টি খাসিয়া পুঞ্জি রয়েছে। এসব পুঞ্জির বন-পাহাড়ের বুকে জুম পদ্ধতিতে পান চাষ করা হয়। খাসিয়া পুরুষরা পানের যত্ন ও পাতা সংগ্রহ করলেও নারীরা ঘরের বারান্দায় বসে শৈল্পিক নকশায় পান গুছিতে সাজান। নিয়ম অনুযায়ী—১২ পাতায় এক গুছি, ১২ গুছিতে এক কান্তা বা বিড়া এবং ২০ কান্তা বা বিড়ায় এক কুড়ি পান হয়। বর্ষাকালে সাধারণত পান উৎপাদনের ভরা মৌসুম হওয়ায় উৎপাদন বেশি হওয়ার কথা থাকলেও, এ বছর সেপ্টেম্বর-অক্টোবরে বৃষ্টিপাত কমে যাওয়ায় চিত্র উল্টে গেছে। সাধারণত এক থেকে দেড় মাস পরপর গাছ থেকে পান সংগ্রহ করা হলেও এবার দুই থেকে আড়াই মাস পর্যন্ত বিরতি দিতে হচ্ছে। এর ফলে উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং পানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়ে আকারও ছোট হয়ে যাচ্ছে। বাজারে বড় পানের চাহিদা বেশি থাকায় ছোট পানের কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষীরা।
ঋণের জালে বন্দি চাষী জীবন:
উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরি ও উৎপাদন উপকরণের দাম। বর্ষার শুরুতে পানের জুমের পরিচর্যার জন্য অনেক চাষী স্থানীয় পাইকার ও মহাজনদের কাছ থেকে বাধ্য হয়ে অগ্রিম ঋণ নেন, যার ফলে কম দামে তাদের কাছে পান বিক্রি করতে বাধ্য হন। এ ছাড়া এনজিও থেকে নেওয়া ঋণের সাপ্তাহিক কিস্তি এবং শ্রমিকের মজুরি পরিশোধ করতে গিয়ে চাষীদের হাতে আর কিছুই থাকছে না। ফলস্বরূপ, ঋণ ও লোকসানের বেড়াজালে দিন দিন আর্থিক সংকটে পড়ছেন পুঞ্জির বাসিন্দারা।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্ত্রী ফিলা পতমী জানান, পানের রোগবালাইয়ের ধকল কাটিয়ে ওঠার পরও উৎপাদিত পানের ন্যায্যমূল্য না পাওয়ায় তারা চরম হতাশায় আছেন। জিনিসপত্রের দাম বাড়লেও সে তুলনায় পানের দাম কমছে। খাসিয়াদের মূল আয় পান থেকেই আসে, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়। কিন্তু পান চাষের জন্য সরকারি কোনো আর্থিক পৃষ্ঠপোষকতা বা সহায়তা না থাকায় তাঁরা পিছিয়ে পড়ছেন। সরকারি সহযোগিতা পেলে খাসিয়া পানচাষীরা আরও লাভবান হতে পারতেন বলে জানান তিনি।
এ বিষয়ে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোাল. জালাল উদ্দিন জানিয়েছেন, চাষীদের বিভিন্ন সমস্যায় কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে এবং অন্য কোনো সমস্যা থাকলে তাও খতিয়ে দেখা হবে।
বিশেষ প্রতিবেদন থেকে আরো পড়ুন