বিশেষ প্রতিবেদন

এইচএসসিতে ফল বিপর্যয়

ভর্তি ও পুনর্নিরীক্ষণে নতুন সমীকরণ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

২১ বছরের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, রেকর্ডসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী এবং উচ্চশিক্ষার পথ রুদ্ধ হওয়ার উপক্রম—সব মিলিয়ে এক গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে সিলেট শিক্ষাবোর্ডের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীরা। গত দুই দশকে এমন বড় ধস দেখেনি বিভাগটির শিক্ষাঙ্গন।

এই ফল বিপর্যয়ের পর উচ্চশিক্ষার স্বপ্ন টিকিয়ে রাখতে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা শিথিলের জোরালো চিন্তাভাবনা শুরু হয়েছে। একই সঙ্গে খাদের কিনারে থাকা শিক্ষার্থীদের জন্য ডিসেম্বরে বিশেষ পরীক্ষার সুযোগ এবং ফল পুনর্নিরীক্ষণের হিড়িকে নতুন আশার আলো খুঁজছেন হতাশ শিক্ষার্থীরা।


​২১ বছরের সর্বনিম্ন পাস ও চরম বিপর্যয় ​চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে অংশ নিয়েছিলেন ৭১ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন মাত্র ৩৬ হাজার ৫৯৭ জন। পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশে, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। আর কাঙ্ক্ষিত জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ হাজার ২০৪ জন।


​বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর মোট অকৃতকার্য হয়েছেন ৩৫ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা এসেছে মানবিক বিভাগে—যেখানে ২৬ হাজার ৫১১ জন শিক্ষার্থী ফেল করেছেন। এছাড়া বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৫১৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ২৭০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
​
​ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষার্থীদের বড় একটি অংশ হোঁচট খেয়েছে প্রধান ও মৌলিক বিষয়গুলোতে। এর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে ইংরেজিতে। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে প্রায় ১৫ হাজার করে শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ৭ হাজার ৬৬০ জন, রসায়নে ২ হাজার ৭১৭ জন, উচ্চতর গণিতে ১ হাজার ৮৬৭ জন এবং বাংলায় ১ হাজার ৫২০ জন শিক্ষার্থী ফেল করেছেন।


​ভর্তির ন্যূনতম শর্ত শিথিলের পথে বিশ্ববিদ্যালয়গুলো ​হঠাৎ এই ফল বিপর্যয়ের কারণে দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এইচএসসিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ও জিপিএ প্রাপ্তি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় অনেক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করার মতো পর্যাপ্ত শিক্ষার্থী পাওয়া যাবে না। ফলে আসন ফাঁকা থাকার শঙ্কাও তৈরি হয়েছে।


​পরিস্থিতি সামাল দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (শাবিপ্রবি) বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা শিথিল করার প্রাথমিক উদ্যোগ নিয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চলমান প্রস্তাব অনুযায়ী, এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ রাখার বিষয়টি জোরালোভাবে বিবেচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি, তবুও এই গুঞ্জন কিছুটা স্বস্তি এনে দিয়েছে শিক্ষার্থীদের মনে।
​
​ফলাফল হাতে পাওয়ার পর থেকেই হতাশায় বসে নেই শিক্ষার্থীরা। নিজেদের খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে কি না, তা যাচাই করতে বোর্ডের শরণাপন্ন হয়েছেন তারা। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, অকৃতকার্য ৩৫ হাজার ২৯৬ জনের মধ্যে ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪৩টিতে।


​সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সেই ইংরেজিতেই—দুইপত্র মিলিয়ে ১৩ হাজার ৭৮৪টি। এছাড়া বাংলায় ৫ হাজার ৭৩৮টি এবং আইসিটিতে ৫ হাজার ৫৪১টি আবেদন জমা পড়েছে।
​এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন জানান, “নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন, যে কারণে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যার চেয়ে মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে। পুনর্নিরীক্ষণের ফল নির্ধারিত সময়ে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এবং বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।”


​ডিসেম্বরে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সুবর্ণ সুযোগ ​অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নিয়মে বড় ধরনের নমনীয়তা এনেছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয়েছে, এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।


​সিলেট শিক্ষা বোর্ডের প্রায় ২৬ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থী এই বিশেষ সুযোগের আওতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সামান্যের জন্য শিক্ষাজীবন থমকে যাওয়া শিক্ষার্থীদের সামনে উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার নতুন দুয়ার উন্মুক্ত হবে।


​ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষা আর ডিসেম্বরের বিশেষ পরীক্ষার প্রস্তুতি—এই দুইয়ের ওপর ভর করেই এখন সিলেটের হাজারো শিক্ষার্থীর চোখ ভবিষ্যতের পানে। বিপর্যয় কাটিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

বিশেষ প্রতিবেদন থেকে আরো পড়ুন