সিলেট

জুড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ১৬:০৮

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ইউনিয়নবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা প্রশিক্ষিত টিমের সদস্যরা প্রতিটি পরিবারের প্রয়োজনীয় তথ্য সুশৃঙ্খলভাবে সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানান তিনি।


হাজী মাসুম রেজা বলেন, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কেউ টাকা দাবি করলে প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না। এ ধরনের কোনো ব্যক্তি বা প্রতারক চক্রের সন্ধান পেলে সংশ্লিষ্ট টিমের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য কিংবা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিষয়টি অবহিত করতে হবে।


তিনি আরও বলেন, উপকারভোগী নির্বাচনে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা তদবিরের সুযোগ নেই। প্রতিটি পরিবারের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করা হবে এবং নির্ধারিত প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাই করা হবে। পর্যায়ক্রমে যোগ্য পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনা হবে।


পরিবারের শিশুদের জন্মনিবন্ধন সনদ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো শিশুর জন্মনিবন্ধন না থাকলে দ্রুত ইউনিয়ন পরিষদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।ফ্যামেলী কার্ড তথ্য সংগ্রহে সকলের সহযোগিতা কামনা করেন।


তিনি জানান, ৩ নং ওয়ার্ডের সাথে একই দিনে ১ নম্বর ওয়ার্ডেও তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। এ জন্য দুটি পৃথক টিম দায়িত্ব পালন করছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি লিয়াকত আলী, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, তাঁতিদলের সভাপতি মনির আলী, ইউপি সদস্য ফজলু মিয়া, বিএনপি নেতা পাখি মিয়া, সোহাগ মাস্টার, আব্দুর রহিম, সাঞ্চু মিয়া ও  ইকবাল হোসেন সারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, ছাত্রদল নেতা তানভীর আহমদসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
 
 
 

সিলেট থেকে আরো পড়ুন