সিলেট

সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি; অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ২৩:৩২

ছবি: সিলেট মানচিত্র

সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি সীমান্তে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।

বিজিবি অধিনায়ক জানান, ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ টহল কার্যক্রম। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তির ড্রোন।

দুই ভারতীয় নাগরিক আটকের বিষয়ে তিনি জানান, গত ১১ নভেম্বর বেলা দেড়টার দিকে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১২৮২ নম্বর সীমান্ত পিলারের ৯ ও ১০ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন দুই ভারতীয় নাগরিক। তারা আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান নামক স্থানে অবস্থান করছিলেন।

এ সময় ওই এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটক ব্যক্তিরা হলেন ভারতের বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত কার্যক্রমের কথা উল্লেখ করে বিজিবি অধিনায়ক বলেন, জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০টি অস্ত্র উদ্ধার, ৫৭ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক এবং ১৭৩টি পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার ভারত থেকে এসে সভা করেছেন- এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিজিবি অধিনায়ক বলেন, রঞ্জিত সরকার ভারত থেকে এসে সভা করেছেন, এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক স্থানীয় নাগরিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও সচেতনতামূলক আলোচনা করেন। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

সিলেট থেকে আরো পড়ুন