সিলেট

সিলেটে গ্রেপ্তার ডাবল মার্ডার মামলার আসামি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ১৪:৫৯

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি ও রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি দুখু মিয়াকে (২২) সিলেট থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার চকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুখু মিয়া জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি।

এসআরবি সূত্রে জানা যায়, জমিজমা, সরকারি খাসজমিতে গবাদিপশু চরানো এবং বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে ঘটনার দুই দিন আগে হাওরের পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে নতুন করে বিরোধের সৃষ্টি হয়।

এর জেরে গত ২৭ অক্টোবর সকালে গবাদিপশু চরাতে যাওয়ার পথে জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া এলাকায় আব্দুল হামিদের বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় মতিউর রহমান (৪৮) নামের এক ব্যক্তির ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন।

পরে আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুজিবুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৮ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত মতিউর রহমানের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৯-এর সুনামগঞ্জ ও সিলেট সদর কোম্পানির যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার চকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে দুখু মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন