ছবি: সিলেট মানচিত্র
সিলেটের কোম্পানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার পলাতক আসামি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই নারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলাবার (১০ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় অভিযান চালায়। এ সময় কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৯, জিআর নং-২৫০/২৫-এর এজাহারনামীয় পলাতক আসামি হুসন আহমেদ (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি গৌরীনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং স্থানীয় যুবলীগের সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হুসন আহমেদ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার মামলার পলাতক আসামি। পরে তাঁকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এসকাফ সিরাপ ও ফেয়ারডিল নামের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় হুছনা বেগম (৩৫) ও হাসনা বেগম (৩০) নামের দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা উভয়েই নতুন বালুচর গ্রামের শুক্কুর আলীর সন্তান বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ উছমান গনি জানান- অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন