সিলেটে বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ ১৯:৫৩
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেছেন, জ্বালানির কারণে শিল্পের উৎপাদন কমার কোনো সুযোগ নেই। গ্যাসের মাধ্যমে পরিচালিত শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করেই অন্য হিসাব করা হয়। সে অনুযায়ী সরকার গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে।
শুক্রবার বিকেলে সিলেট-এ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে ভোগ কমে যাওয়ায় রপ্তানি কমেছে। তৈরি পোশাক খাতে শুধু বাংলাদেশ নয়, প্রতিযোগী অন্যান্য দেশেও রপ্তানি কমেছে। এটি বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের জন্য আলাদা কিছু নয়।
জাপান-এর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, জাপানের সঙ্গে যৌথ অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর হয়েছে। সংসদে অনুমোদন হলে সেটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে জাপানি বিনিয়োগ আরও বেশি আকৃষ্ট করা সম্ভব হবে। একই সঙ্গে একাধিক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তুতি সম্পন্ন হলে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও দেশীয় পণ্য বিভিন্ন দেশে বিশেষ সুবিধা নিয়ে প্রবেশ করতে পারবে।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, উৎসে দাম বাড়লে দেশের বাজারেও তার প্রতিফলন ঘটবে। অন্যান্য দেশে যুদ্ধ শুরুর পরপরই মূল্য সমন্বয় হয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র-এও প্রতি গ্যালন জ্বালানির দাম ৪ ডলার ছাড়িয়েছে।
তিনি বলেন, দরিদ্র রাষ্ট্র হলেও মানুষের ক্রয়ক্ষমতার ওপর মূল্যবৃদ্ধির প্রভাব না পড়তে সরকার মূল্য ধরে রাখার চেষ্টা করছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আতঙ্ক একটি সংক্রামক বিষয়। একজনের আতঙ্ক অন্যজনকে আতঙ্কিত করে তোলে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে উৎসে মূল্যবৃদ্ধি ও সরবরাহ পরিস্থিতির অস্বাভাবিকতার কারণে সবাইকে সাশ্রয়ী ব্যবহারের পরামর্শ দেন তিনি।
সন্ধ্যা ৬টার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, বেশি চাহিদার সময়ে বিদ্যুৎ সাশ্রয় করা গেলে অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব হবে। আপদকালীন পরিস্থিতিতে সরকার কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন