অহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৯। আর অপহরণকারী ইকরাম মিয়াকেও (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইকরামকে গ্রেপ্তার ও কিশোরীটিকে উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত ইকরাম কমলগঞ্জ থানা এলাকার চকই মিয়ার ছেলে।
জানা গেছে, অপহৃত কিশোরী ইকরামের তালতো বোন। তাকে প্রেমের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত ইকরাম তাকে অপহরণের হুমকি দেয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরীটি পুকুরে গেলে অন্যতম আসামি জুয়েল মিয়ার সহযোগীতায় তার মুখ চেপে ধরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় ইকরাম।
এসময় স্থানীয়দের চোখে পড়লে তারা তার পরিবারের সদস্যদের অবগত করে। তারা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতা কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং উদ্ধার ও গ্রেপ্তারে সক্ষম হয়।
তাদের দু’জনকেই কমলগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেট থেকে আরো পড়ুন