সিলেট

সিলেটে গোয়েন্দা পুলিশের ভুয়া এডিসিকে ধরল পুলিশ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:০০

সিলেটে ভুয়া গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছে এক প্রতারক। সোমবার (১৩ এপ্রিল) রাত পোনে ১০টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন “দুধওয়ালা কিচেন” রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ ।

আটক প্রতারক আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ (৩০) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের মৃত আব্দুল মুকিতের ছেলে। তিনি বিশ্বনাথ ও সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন রায়নগর এলাকাতেও বসবাস করতেন বলে জানা গেছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলেন। ঘটনার দিন তিনি উক্ত রেস্টুরেন্টে গিয়ে চা পান করেন এবং উপস্থিত ব্যক্তিদের কাছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি বিভাগের ডিসির মোবাইল নম্বর জানতে চান।

এ সময় সেখানে উপস্থিত সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে চাইলে তিনি নিজেকে ডিএমপি’র এডিসি (ডিবি) হিসেবে পরিচয় দেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটককৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন