সিলেট

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল বারকি শ্রমিকের

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:১১

সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে শরীর ঝলসে সীমান্ত নদী জাদুকাটায় আবুল হাসান (২৪) নামে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী বড়গোপ টিলার নিচে জাদুকাটা নদীর পশ্চিম (তীর) পাড় থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল হাসান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের জহুর আলীর ছেলে।

আবুল হাসানের পরিবারের সদস্যরা জানান, সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে দুই সহোদরকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন আবুল হাসান। তারা জাদুকাটা নদীতে বারকি নৌকা যোগে বালি উত্তোলনের কাজ করেন। সন্ধ্যায় আকাশের অবস্থা খারাপ দেখে নিজে বারকি নৌকা তালাবদ্ধ করে বাড়ি ফেরার কথা বলে দুই সহোদরকে নদীর চর থেকে চলে যেতে বলেন। 

প্রথমদিকে পরিবারের সদস্যরা ধারণা করেন, ওইরাতে ঝড়বৃষ্টির কারণে আবুল হাসানের বাড়ি ফেরা হয়নি। ওইরাতে বজ্রপাতে আবুল হাসানের মৃত্যু হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার সকালে নদী তীরে যাতায়াতাকারী মানুষজন বালি চরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর পরিবারের লোকজন গিয়ে আবুল হাসানের লাশ শনাক্ত করেন। 

সিলেট থেকে আরো পড়ুন