সিলেট

ফের চালু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:০৫

প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে আবারও চালু হতে যাচ্ছে সিলেট-ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ফ্লাইট।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১ জুলাই ২০২৬ থেকে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর বিশেষ নির্দেশনায় এই গুরুত্বপূর্ণ রুটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

যাত্রীসেবার মান উন্নয়ন ও অপারেশনাল স্থিতিশীলতার লক্ষ্যে ১ মার্চ থেকে এই রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে আসন্ন হজ কার্যক্রম শেষে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার এই দুই দিন ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারে যাতায়াত করবে।

ফ্লাইট সূচি:
ঢাকা-সিলেট-ম্যানচেস্টার: সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সিলেটে পৌঁছে দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেট থেকে রওনা দিয়ে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে ম্যানচেস্টারে পৌঁছাবে।

ম্যানচেস্টার-সিলেট-ঢাকা: ম্যানচেস্টার থেকে রাত ৯টায় ছেড়ে পরদিন সকাল ১১টা ৫০ মিনিটে সিলেটে পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই রুটে ভ্রমণের জন্য যাত্রীরা এখন থেকেই টিকিট বুকিং করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট, কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬), নিকটস্থ সেলস সেন্টার বা আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন