সিলেট

দেশীয় মাছ রক্ষায় জগন্নাথপুরে মৎস্য অফিসের প্রচারাভিযান

প্রকাশ: ২৩ মে ২০২৬ ১৭:০৪

জগন্নাথপুরে দেশীয় মাছ সংরক্ষণ ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে।  ২৩ মে শনিবার জগন্নাথপুর সদর বাজার ও  উপজেলার বিভিন্ন হাট-বাজার, নদী ও হাওর এলাকায় এ অভিযান চালানো হয়।


উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার না করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।  অভিযান চলাকালে জগন্নাথপুর সদর বাজারে দেশীয় মাছের পোনা জব্দ করে নলজুর নদী অবমুক্ত করা হয়।


 জগন্নাথপুর উপজেলা  মৎস্য কর্মকর্তা মোঃ আল- আমীন জানান, দেশীয় মাছ আমাদের ঐতিহ্য ও পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। মাছের প্রজনন মৌসুমে মা মাছ ধরা এবং অবৈধ জাল ব্যবহারের কারণে অনেক প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তাই সবাইকে আইন মেনে মাছ আহরণ করা উচিত।


 দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, , পোনা ও মা মাছ নিধন বন্ধে মাইকিং করার প্রস্তুতি চলছে। নদী-খাল ও জলাশয়ে অবাধে মাছের বিচরণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

 

সিলেট থেকে আরো পড়ুন