সিলেট

‘ফ্রি-ফায়ার’ গেম বিরোধে ছুরিকাঘাত, আহত ২

প্রকাশ: ২৪ মে ২০২৬ ১৩:৩২

মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল গেম ‘ফ্রি-ফায়ার’ খেলাকে কেন্দ্র করে ভয়াবহ রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ বাকবিতণ্ডা থেকে শুরু হওয়া বিরোধের জেরে এক কিশোর সিএনজি চালকের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। একই ঘটনায় আরও এক যুবক কুপিয়ে আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) রাত পৌনে ৮টার দিকে বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন—সিএনজি অটোরিকশা চালক জায়েদ আহমদ (১৯) এবং তার বন্ধু হাকিমুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় জায়েদকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা গেছে, জায়েদের সঙ্গে একই এলাকার সুয়েদ আহমদ (১৯) ও রিয়াদ আহমদ (২০)-এর ‘ফ্রি-ফায়ার’ গেম নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জায়েদের গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে বন্ধু হাকিমুল ইসলামও হামলার শিকার হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হামলার পর থেকেই অভিযুক্ত দুই যুবক এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় আহত জায়েদের বাবা তরিকুল ইসলাম পাখি বাদী হয়ে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন