সিলেট

হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ০২ জুন ২০২৬ ০০:১২

ছবি : সংগৃহীত

হবিগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের পর অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নদী দাস সম্প্রতি এসএসসি পরীক্ষা শেষ করেছিল। সামনে ছিল ব্যবহারিক পরীক্ষা। উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন থেমে যায় অকাল মৃত্যুর মধ্য দিয়ে।

রোববার রাতে হবিগঞ্জ শহরের উমেদনগর বাণিজ্যিক এলাকার সড়কের পাশ থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় নদীকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের বাসিন্দা ও পেশায় আইনজীবী সহকারী দিলিপ দাসের সঙ্গে নদীর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে বিয়ের আশ্বাস দিয়ে তাকে হবিগঞ্জ শহরের ইসকন মন্দিরে নেওয়া হলেও বয়স কম হওয়ায় মন্দির কর্তৃপক্ষ বিয়ে সম্পন্ন করেনি।

স্বজনদের অভিযোগ, রোববার সকালে দিলিপ দাস নদীকে বাড়ি থেকে নিয়ে যান। এরপর রাত ৮টার দিকে শহরের উমেদনগর এলাকায় সড়কের পাশে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় তার মুখে আঘাতের চিহ্ন ছিল বলেও পরিবারের দাবি।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার জানান, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা, ধর্ষণজনিত মৃত্যু নাকি অন্য কোনো কারণে ঘটেছে—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন