সিলেট

সুনামগঞ্জে কিশোরী হ.ত্যা, কোম্পানীগঞ্জ থেকে ‘খু/নি’ নারীকে ধরলো র‍্যাব

প্রকাশ: ০৩ জুন ২০২৬ ১৫:০২

সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মিতা বেগম নামের কিশোরী হত্যা মামলার পলাতক আসামি আরেক নারীকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

তাদের একটি টিম মঙ্গলবার দিবাগত (৩ জুন) রাত ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলাধীন ঢোলাখাল শিমুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে খাদিজা বেগম (২৩) নামে ওই অভিযুক্ত নারীকে গ্রেফতার করে।

তিনি দিরাই উপজেলার নতুন বাগবাড়ী গ্রামের টিটু মিয়ার স্ত্রী।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- কিশোরী মিতা বেগম ও অভিযুক্তরা সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন বাগবাড়ি (কান্দাহাটি) এলাকার বাসিন্দা। গত ২৯ মে সন্ধ্যায় মিতা তার ভিকটিমের ফুপাতো ভাই উজ্জল মিয়া প্রতিবেশী অলি মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা উজ্জল মিয়াকে লাঠিসোটা দিয়ে মারপিট করে গুরুতর আহত করে।

এসময় উজ্জল মিয়ার চিৎকারে মিতা ও তার মা ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কবল হতে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পরই খাদিজা ও তার পরিবারের সদস্যরা মিতাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে মিতা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ১২টার দিকে মারা যান মিতা। 

এ ঘটনায় পরে মিতার মা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত খাদিজাকে গ্রেফতার করে র‌্যাব। বাকি আসামিদেরও গ্রেফতারে তারা অভিযান অব্যাহত রেখেছে।

সিলেট থেকে আরো পড়ুন