সিলেট

সিলেটে পুলিশের অভিযানে ২৩ গ্রেপ্তার

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ২৩:০৬

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টা থেকে শনিবার (২৯ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ২৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

এদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৬৮টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে এসএমপি।

 

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন