ছবি: সংগৃহীত
সিলেটে থামছে না হামের সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালগুলোর ওপর চাপ। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩৮ জন সন্দেহভাজন হাম রোগী। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০৫ জন।
সোমবার (৩১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ৬৪ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪০৫ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে—১৬১ জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।
হামের সংক্রমণের পাশাপাশি মৃত্যুর পরিসংখ্যানও পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৫৬ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন মারা গেছেন।
সব মিলিয়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহভাজন হাম রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হওয়ার তথ্যও দেয়নি স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, একদিকে প্রতিদিনই বিপুলসংখ্যক সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, অন্যদিকে শত শত রোগী এখনো চিকিৎসাধীন। মাত্র একদিনে ১৩৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা সিলেটের বর্তমান হাম পরিস্থিতির তীব্রতা আরও স্পষ্ট করেছে।
সংক্রমণের বিস্তার ঠেকাতে দ্রুত কার্যকর উদ্যোগের পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ, শয্যা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন