সিলেট

জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান: ১২টি বারকি নৌকা জব্দ ও বিনষ্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬

ছবি: সিলেটের মানচিত্র

জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। 

 

বুধবার সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাংপানি নদী এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও স্থানীয় পুলিশ বাহিনীর সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। 

 

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রাংপানি নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নদী থেকে ১২টি বারকি নৌকা আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ও সহায়তায় জব্দকৃত নৌকাসমূহ ঘটনাস্থলেই ভেঙে বিনষ্ট করা হয়। 

 

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নদীর প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। উক্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে টাস্কফোর্সের এমন অভিযান ও নিয়মিত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন