সিলেট

৫০০ টাকা মজুরির দাবিতে আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গ্রেপ্তার

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ৫০০ টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে আন্দোলনের মধ্যেই শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।একটি মামলায় আসামি হিসেবে বুধবার (২ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, ৩১ আগস্ট চা শ্রমিকদের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ঢুকে মারামারি ও ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় গীতা রানী কানুসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।


মামলার বাদী ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল অভিযোগ করেন, মানববন্ধন ও মিছিল শেষে কয়েকজন শ্রমিক ইউনিয়নের লেবার হাউসে প্রবেশ করে হাঙ্গামা ও ভাঙচুর করেন। এ সময় দুটি গ্লাস ভাঙচুর করা হয় বলেও দাবি করেন তিনি।


তবে মামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক নেতা কিশোর প্রধান। তার দাবি, শ্রমিকরা ইউনিয়ন কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। বরং কর্মসূচি শেষে বৃষ্টির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


কিশোর প্রধান আরও অভিযোগ করেন, কর্মসূচি চলাকালে চা-শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা-কর্মী তাদের ওপর হামলা চালান। তার দাবি, দুলাল হাজারা নামে ইউনিয়নের এক স্টাফ ‘রডের মতো কিছু’ দিয়ে জনক লাল দেশোয়ারা জনি নামে এক কর্মীকে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


অন্যদিকে, এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন নিপেন পাল। তিনি বলেন, শ্রমিকরা ইউনিয়ন কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।


চা শ্রমিকদের ৫০০ টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। এর অংশ হিসেবে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রায় ৫০টি চা বাগানে শ্রমিকরা একযোগে দুই ঘণ্টা করে কর্মবিরতিও পালন করছেন।


শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষোভ মিছিল নিয়ে চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ঢুকে মারামারি ও গ্লাস ভাঙচুরের অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গীতা রানী কানুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন