ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর স্থানীয়দের সঙ্গে ধাক্কাধাক্কির সুযোগে আসির মিয়া (৩০) নামে এক মামলার আসামি পালিয়ে গেছেন। তবে তিনি হাতকড়া পরা অবস্থায় পালিয়েছেন কি না, তা নিয়ে স্থানীয়দের বক্তব্যের সঙ্গে পুলিশের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। পলাতক আসির মিয়া দামোধরদপী গ্রামের বাসিন্দা এবং একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেওয়ার সময় তার স্বজনরা বাধা দিলে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাক্কাধাক্কিও হয়।
এই পরিস্থিতির মধ্যেই পুলিশের চোখ এড়িয়ে আসির মিয়া পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি। পরে তিনি ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন। ওই সময় তার হাতে হাতকড়া দেখা গেছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।
দামোধরদপী গ্রামের ইউপি সদস্য মো. আজির উদ্দিন বলেন, ‘আমি একটি বিচার-শালিসে ছিলাম। পরে শুনেছি, আসির মিয়াকে আটকের সময় হইচইয়ের মধ্যে সুযোগ বুঝে সে পুলিশের হাতকড়াসহ পালিয়ে গেছে।’
এদিকে আসির মিয়া পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ বলেন, ‘আমার অফিসার নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করার পর কয়েকজন নারী একটু ঝামেলা সৃষ্টি করেন। তখন সে পালিয়ে যায়। তবে আসামি হাতকড়া নিয়ে পালায়নি।’
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন