শিল্প সাহিত্য

শ্রীমঙ্গলে মনিপুরী তাঁত পণ্যের মানোন্নয়নে পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৪

ছবি: সিলেটের মানচিত্র

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মনিপুরী তাঁত পণ্যের নকশা, গুণগত মান ও উৎপাদন দক্ষতা বাড়াতে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


শনিবার সকালে ক্ষুদ্র ও মাঝারি ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) আয়োজনে শ্রীমঙ্গল তাঁত শিল্প ক্লাস্টারে এ কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আনোয়ার চৌধুরী।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের জুনিয়র অফিসার সৈয়দ নাফিজ তানজিম, শ্রীমঙ্গল তাঁত শিল্প ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. রবিউল ইসলাম রাসেল, নারী উদ্যোক্তা সালেহা বেগম, প্রশিক্ষক মাইন উদ্দিন ফুয়াদসহ সংশ্লিষ্টরা।


অনুষ্ঠানে আনোয়ার চৌধুরী বলেন, তাঁত শিল্পসহ বিভিন্ন ক্লাস্টারের সমন্বিত উন্নয়নে এসএমই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করছে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পণ্যের মানোন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও বাজারজাতকরণে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।


তিনি বলেন, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তরুণ ও নতুন উদ্যোক্তাদের পাশাপাশি প্রান্তিক এলাকার উদ্যোক্তাদের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পরিশ্রম জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই তাদের অর্থনীতির মূলধারায় নিয়ে আসাই এসএমই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।


তিনি আরও বলেন, পাঁচ দিনের এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়বে। পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে তাঁত শিল্পের বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

শিল্প সাহিত্য থেকে আরো পড়ুন