ছবি: সিলেটের মানচিত্র
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ জাকির হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর বিরশ্রী ইউনিয়নের পীরনগর এলাকায় জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পাওয়ার পর সন্দেহজনকভাবে চলাফেরা করা জাকিরকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার উত্তর মাদারখাল এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য, সিলেট রেঞ্জে চলমান মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে জকিগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জকিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক কারবার ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন