সিলেট

আজমিরীগঞ্জে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৮

ছবি: সিলেটের মানচিত্র

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্লাস চলাকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের মেঝের একাংশ ধসে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের মেঝেতে ফাটল দেখা দেয়। কিছুক্ষণ পর মেঝের একাংশ নিচের দিকে ধসে পড়লে সেখানে থাকা পাঁচ শিক্ষার্থী আহত হয়।
আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে আহত শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়েছে।


আহত শিক্ষার্থীদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো রাহিম বাদশা, মো. আব্দুল মান্নান মিয়া, মোজাক্কির মিয়া ও আজিনুর মিয়া। তারা সবাই ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুতর নেছা বলেন, ‘ক্লাস চলার সময় হঠাৎ মেঝে ধসে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঝের নিচের বালি ও মাটি সরে যাওয়ায় একাংশ ধসে পড়েছে। তবে বিদ্যালয়ের ভবনটি নতুন বলে জানান তিনি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভবনের বর্তমান অবস্থা ও মেঝে ধসের কারণ জানতে এলজিইডির প্রকৌশলী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হয়েছে। তাঁদের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে, নতুন ভবনের শ্রেণিকক্ষের মেঝে ধসে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পরই শ্রেণিকক্ষটি পুনরায় ব্যবহারের উপযোগী কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন