সিলেট

সিলেটে দুর্গন্ধ ছড়াতেই বেরিয়ে এলো যুবকের অর্ধগলিত লাশ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:৫৯

ছবি: প্রতীকী

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামে একটি বসতঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামের ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত বাবুল মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের চাঁনপুর এলাকায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে একই এলাকার বনগাঁও গ্রামের এক নারীকে বিয়ে করেন বাবুল মিয়া। তাদের কোনো সন্তান ছিল না। এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে গত ১ আগস্ট স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর বাবুল মিয়া ওই বাড়িতে একাই বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, বাবুল মিয়া যে বাড়িতে থাকতেন সেটি গ্রামের অন্যান্য বসতবাড়ি থেকে কিছুটা দূরে ও নির্জন এলাকায় হওয়ায় সেখানে মানুষের যাতায়াতও কম ছিল। ফলে কয়েকদিন পর বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বাবুল মিয়ার স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে গেছেন বলে তিনি শুনেছেন। বাড়িটি কিছুটা নির্জন হওয়ায় সেখানে মানুষের যাতায়াত কম ছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, কামিনিপুর গ্রামের একটি বাড়ি থেকে বাবুল মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সন্তান না হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। স্ত্রী গত ১ আগস্ট বাবার বাড়িতে চলে যাওয়ার পর তিনি একাই ছিলেন।

পুলিশের ধারণা, স্ত্রী চলে যাওয়ার পর অভিমান করে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত শেষে মরদেহ তাঁর স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন