মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিগডিগিয়া ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দু'জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের খবর আগেভাগে যাতে অপরাধীদের কাছে না পৌঁছায়, সে জন্য একটি পৃথক দলকে সিএনজিযোগে সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারির জন্য পাঠানো হয়েছিল। অভিযানের একপর্যায়ে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অবৈধভাবে বালু তোলার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণ সাইটুলা এলাকার বলরাম কুর্মীর ছেলে সিপেন কুর্মী (২৮) এবং একই এলাকার কুশল কুর্মীর ছেলে বিশ্বনাথ কুর্মী (২৬)।
আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং উভয় মামলায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে এ ধরনের ঘটনায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। এর আগে মঙ্গলবার সকালে আশীদ্রোন ইউনিয়নের বিলাসছড়া এলাকায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে উত্তোলিত ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
সিলেট থেকে আরো পড়ুন