সিলেট

সিলেটে দুই শিক্ষার্থীকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক কারাগারে

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৭

সিলেটে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফয়জুল হক (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে জৈন্তাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকালে তাকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভূঁঞা তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসব তথ্য জানিয়েছেন শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ।


গ্রেপ্তার ফয়জুল সদর উপজেলার পীরেরবাজার এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক। তার বাড়ি জৈন্তাপুরে।


শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, সম্প্রতি সময়ে ওই দুই ছাত্র মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আর সেখানে যেতে চাইছিল না। অভিভাবকরা কারণ জানতে চাইলে তারা অভিযোগ করেন, প্রতিরাতে তাদের শিক্ষক ফয়জুলের কক্ষে যেতে হতো। সেখানে না গেলে মারধর করা হতো এবং কক্ষে গেলে তাদেরকে ধর্ষণ করা হতো। 

ওসি বলেছেন, ‘ঘটনা জানার পর ফয়জুলের বিরুদ্ধে মামলা করেন এক শিক্ষার্থীর স্বজন। তিনি ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক ছিলেন। মামলা হওয়ার পর তিনি মাদ্রাসা ছেড়ে জৈন্তাপুরে তার বাড়িতে চলে যান।’

ওই দুই শিক্ষার্থীর বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। 

ওসি মো. ফেরদৌসের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। অভিযোগের শিকার দুই শিশুর মেডিকেল পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন