ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র সই হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুই দেশের মধ্যে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
এদিকে, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে আরও ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদারে ১৩ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিতে চুক্তি করেছে জাপান সরকার।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা, প্রাতিষ্ঠানিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করাই এ সফরের অন্যতম লক্ষ্য। এসব চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
জাতীয় থেকে আরো পড়ুন