ছবি: সংগৃহীত
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি।
এর আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার সূচিতে বিলম্ব ঘটে। উড্ডয়নের প্রস্তুতি সম্পন্ন করে টার্মিনাল থেকে উড়োজাহাজটিকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত পান পাইলট। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন স্থগিত করা হয়।
পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। সেখানে প্রকৌশলীরা কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ত্রুটি মেরামতের কাজ শুরু করেন।
ত্রুটি নির্ণয় ও মেরামতের কাজ দীর্ঘায়িত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা উড়োজাহাজ থেকে নেমে যান। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়।
বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর পাইলট ককপিট থেকে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নে বিলম্বের বিষয়টি যাত্রীদের জানান এবং এ জন্য দুঃখপ্রকাশ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, যাত্রীদের বোর্ডিং শেষে উড়োজাহাজটি টার্মিনাল থেকে সরিয়ে নেওয়ার পরই স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত শনাক্ত হয়। এরপর প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়া হয়।
অবশেষে ত্রুটি মেরামত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
সি/মা/ডেস্ক/এসসিজে
জাতীয় থেকে আরো পড়ুন