লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র দিয়েই ক্যারিয়ার শুরু হয় বিদ্যা সিনহা মিমের। এরপর ব্যস্ত চলচ্চিত্রের পাশাপাশি কাজের পরিধিও বাড়তে থাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর। ব্যস্ত হয়ে পড়েন টিভি নাটক ও মডেলিংয়ে। দেখতে দেখতে কেটে গেল টানা দেড় যুগ। এরই মধ্য বিয়ে করে রীতিমতো সংসারী হয়ে উঠেছেন এই সুন্দরী। দীর্ঘদিনের অভিনয় জীবনে কর্মক্ষেত্রে তাকে নিয়ে কখনো কারও কোনো অভিযোগ নেই। আদ্যোপান্ত কাজপ্রেমী একজন নায়িকা এবং অনন্তের দিকে প্রবহমান সময়কে যথাযথভাবে লাগানোরই চেষ্টা করে এসেছেন তিনি সবসময়। কিছুদিন ধরেই বড় পর্দায় নেই বিদ্যা সিনহা মিম। মডেলিং, বিভিন্ন দেশে ঘোরাফেরার পাশাপাশি ‘রিমার্ক’র (হারলেন) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন।
তবে এবার বড় কাজের খবর দেবেন বলে জানালেন মিম। রবিবার ছিল এই অভিনেত্রীর জন্মদিন। দিনব্যাপী এই উদযাপন চলে রাজধানীর বসুন্ধরায় তার নিজের অ্যাপার্টমেন্টেই।
মিম জানান, আর কিছুদিনের মধ্যেই নতুন একটি সুখবর সবাইকে দেবেন। জন্মদিনের রেশ থাকতে থাকতেই তিনি তার নতুন এই সুখবরটি সবাইকে জানান দেবেন। সে সময় পর্যন্ত তার ভক্ত-দর্শককে অপেক্ষায় থাকার বিশেষ অনুরোধও করেছেন মিম।
জন্মদিন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘প্রতিবছর জন্মদিনটি নানা কারণে বিশেষ হয়ে ওঠে। এই বছর কী হবে তা জানা নেই। আগের দিন রাত থেকে জন্মদিনের পরের দিন পর্যন্ত বিশেষ একটা রেশ থাকে। আমার জীবনের বিশেষ সময়ে আমি আমার বাবা-মায়ের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। জন্মদিনেও ঠিক তাই। আর আমার স্বামী সনি তো দিনটিকে বিশেষায়িত করার জন্য নানা পরিকল্পনা থাকেই। তবে ভক্ত-দর্শকেরও যে উন্মাদনা থাকে, তাও আমাকে মুগ্ধ করে।’
এই লা´তারকা আরও বলেন, ‘ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুন্দর শৃঙ্খলিত পরিপাটি এক জীবন উপহার দিয়েছেন, এমন দেবতার মতো বাবা-মায়ের ঘরে আমায় জন্ম দিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে অনিন্দ্যসুন্দর মনের একজন মানুষকে উপহার দিয়েছেন, এর চেয়ে বড় এই জীবনে আর কী হতে পারে আমার জানা নেই। আমি সবার দোয়া ও ভালোবাসার মধ্যেই বেঁচে থাকতে চাই। আর নিশ্চয়ই ভালো ভালো কাজ উপহার দিতে চাই, যেমন একটি কাজের ঘোষণা কিছুদিনের মধ্যেই দিতে যাচ্ছি।’
মিম অভিনীত সর্বশেষ তুমুল আলোচিত সিনেমা রায়হান রাফির ‘পরাণ’। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ও আলোচিত সিনেমা। মিম দীর্ঘদিন ধরেই ‘ইউনিসেফ’-এর অ্যাম্বাসাডর হিসেবে কাজ করে আসছেন। এ ছাড়া তিনি ‘সেইলর’, ‘ওয়ালটন’, ‘বিকাশ’,‘ বাটা’, ‘বার্জার পেইন্টস’, ‘হারলেন কসমেটিকস’, ‘ইমামি সেভেন ওয়েলস’, ‘ক্ল্যাসিক্যাল হোম টেক্স’, ‘জেসিএক্স ডেভেলপম্যান্ট লিমিটেড’ ‘লাক্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেন।
বিনোদন থেকে আরো পড়ুন