২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের অর্ধেকের বেশি শিক্ষার্থী পাস করতে পারেননি। এ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। দুই বিভাগের পাসের হারে ব্যবধান ২২ দশমিক ২৫ শতাংশ।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন স্বাক্ষরিত বোর্ডের ফলাফল পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে।
বোর্ডের প্রকাশিত ফলাফল পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ বছর সিলেট বোর্ডে মানবিক বিভাগ থেকে ৪৯ হাজার ৩৫৯ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ২২ হাজার ৮৪৮ জন। অকৃতকার্য হয়েছেন ২৬ হাজার ৫১১ জন। পরীক্ষার্থী ও অকৃতকার্য দুই দিক থেকেই এ বিভাগে সংখ্যাটি সবচেয়ে বেশি।
অন্যদিকে বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ হাজার ৮৩৮ জন। এ বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। অর্থাৎ মানবিক বিভাগের তুলনায় বিজ্ঞান বিভাগে পাসের হার ২২ শতাংশের বেশি।
ব্যবসায় শিক্ষা বিভাগের ফলও খুব একটা ভালো নয়। এ বিভাগে ৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৯১১ জন। পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ। বিজ্ঞান বিভাগের তুলনায় ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ২০ দশমিক ৭৩ শতাংশ কম।
সব বিভাগ মিলিয়ে এ বছর সিলেট বোর্ডে ৭১ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৬ হাজার ৫৯৭ জন। সামগ্রিক পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ বোর্ডের পরীক্ষার্থীদের প্রায় অর্ধেকই এবার উত্তীর্ণ হতে পারেননি।
সামগ্রিক ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ, আর ছাত্রীদের ৫২ দশমিক ৩৮ শতাংশ। তবে বিজ্ঞান বিভাগে ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাসের হার বেশি। এ বিভাগে ছাত্রদের পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ, ছাত্রীদের ৬৭ দশমিক ৪ শতাংশ।
সিলেট থেকে আরো পড়ুন