ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে অসুস্থ তিন দিনের নবজাতককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার মা হালিমা বেগম (৩০)। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালকসহ আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনার পর নবজাতকটিকেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা বেগম উপজেলার পালপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী রাজু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর সকালে তাজপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন হালিমা। জন্মের পর থেকেই নবজাতকটি অসুস্থ থাকায় রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।
পরে নবজাতক ও পরিবারের সদস্যদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স সিলেটের উদ্দেশে রওনা হয়। পথে কাশিকাপন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা হালিমা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালক মুহিবুর রহমান এবং হালিমার পরিবারের চার সদস্য আহত হন। আহতরা হলেন—হালিমার মা রুবেনা বেগম, শাশুড়ি শাহেনা বেগম, শ্বশুর আনহার মিয়া ও ননদ ইমা বেগম।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে হালিমার তিন দিনের নবজাতক কন্যাটিও।
অ্যাম্বুলেন্সচালক মুহিবুর রহমান ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদ্বারা গ্রামের বাসিন্দা।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দুর্ঘটনায় নবজাতকের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন