যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তাবিত চুক্তিটি পর্যালোচনা করছে ইরান। আজ মঙ্গলবার এ কথা জানিয়েছে দেশটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, একটি সমঝোতায় পৌঁছাতে অব্যাহত রয়েছে আলোচনা।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর তিন মাসের বেশি সময় পর সংঘাতটি এখন অচলাবস্থায় রূপ নিয়েছে। একই সময়ে অন্তর্বর্তী চুক্তির জন্য মূলত পরোক্ষ আলোচনা চললেও তা এখনো নিষ্পত্তিহীন রয়েছে, ফলে কার্যত বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ অবস্থায় আছে হরমুজ প্রণালি।
মেহর নিউজ জানিয়েছে, অস্থায়ী চুক্তির প্রস্তাবিত চূড়ান্ত খসড়ার বিষয়ে ইরান এখনো কোনো জবাব দেয়নি। যুক্তরাষ্ট্রের আগের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস এবং দীর্ঘদিনের অবিশ্বাসের কারণে তেহরান এ বিষয়ে ‘কঠোর’ অবস্থান নিচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।
ট্রাম্প সোমবার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি বাড়ানো ও হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি হবে আগামী সপ্তাহের মধ্যে।
মার্চের মাঝামাঝি থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, শান্তিচুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেছেন তিনি। এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি মোটামুটি বহাল থাকলেও গত এক সপ্তাহে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।
এদিকে মঙ্গলবার তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে, আগের দিনের বড় ধরনের মূল্যবৃদ্ধির কিছুটা সংশোধন হয়েছে। তবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে বৈশ্বিক তেলের মজুদ।
সারাবিশ্ব থেকে আরো পড়ুন