সারাবিশ্ব

গ্রিন কার্ডে কঠোর হলো যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২৪ মে ২০২৬ ১৪:১০

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে আগ্রহী বিদেশিদের জন্য নতুন কড়াকড়ি আরোপ করেছে মার্কিন প্রশাসন। এখন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করে গ্রিন কার্ডের আবেদন করা যাবে না; আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাস বা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শুক্রবার এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সার্ভিসেস (ইউএসসিআইএস)। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন নীতিমালায় প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনার কথা বলা হয়েছে। বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ থাকলেও তা আবেদনকারীর পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বলছে, সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের গ্রিন কার্ড পেতে হলে নিজ দেশে ফিরে আবেদন করতে হবে। 

তাদের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে অভিবাসন ব্যবস্থার “আইনি দুর্বলতা” বন্ধ করা সম্ভব হবে এবং বিদ্যমান আইন আরও কঠোরভাবে কার্যকর করা যাবে।

ইউএসসিআইএসের মতে, নতুন নিয়ম কার্যকর হলে সংস্থার সময় ও ব্যয় কমবে। পাশাপাশি অন্যান্য অভিবাসন আবেদন দ্রুত নিষ্পত্তি করাও সহজ হবে।

তবে মানবাধিকার সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অভিবাসী ও নির্যাতিতদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এইচআইএএসের আশঙ্কা, নতুন নিয়মের কারণে মানব পাচারের শিকার ব্যক্তি ও নির্যাতিত শিশুদের আবার ঝুঁকিপূর্ণ পরিবেশে ফিরে যেতে হতে পারে।

এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নিয়েছিল। 

চলতি বছরের শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প ক্ষমতায় ফেরার পর এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সারাবিশ্ব থেকে আরো পড়ুন