ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাহির মিয়া তাঁর ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে সঙ্গে নিয়ে চালবন হাওড়ে নিজেদের জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী চজাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাঁদের কাজে বাধা দেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে তাহির মিয়া, তাঁর ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, জায়গাজমি নিয়ে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন