সারাদেশ

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে সিলেট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৭

ছবি: সিলেটের মানচিত্র

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মঙ্গলবারের সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও দায়িত্ব পালন করবে।

 

সফর উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার দুপুরে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

 

এ সময় সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। এসএসএফের সঙ্গে এসএমপি, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয় সভার নির্দেশনা অনুযায়ী নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

এসএমপি কমিশনারের তথ্যমতে, রাষ্ট্রপতির সফর ঘিরে প্রায় এক হাজার পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত থাকবেন।

 

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজারসহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করবেন। বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে নগরের যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগও নেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

 

রাষ্ট্রপতির সফর নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন এসএমপি কমিশনার।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সারাদেশ থেকে আরো পড়ুন