ছবি: সংগৃহীত
সিলেট মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িতদের কাছ থেকে ইয়াবা, ভারতীয় মদ ও শাড়ি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ ৩০ পিস ইয়াবা, ১৪টি ভারতীয় শাড়ি ও ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
অন্যদিকে, মহানগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৬৫টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন