সিলেট

নির্বাচনের তফসিল ঘোষণা

৮ বছর পর চা বাগানে ভোট উৎসব

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ২১:০৭

দীর্ঘ প্রায় ৮ বছর পর সিলেটের চা বাগানগুলোতে আবারও নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। চা বাগান এলাকাগুলোতে ভোট নিয়ে চা শ্রমিক ও সাধারণ ভোটারদের মাঝে উপচে পড়া আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

চা শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর দেশের সব চা বাগানে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুছ সামাদ আল আজাদ এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
 
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ৯ নভেম্বর জমা, ১০ নভেম্বর যাচাই-বাছাই এবং ১৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ১৪ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর ২৮ নভেম্বর সকাল থেকে শুরু হবে কাঙ্ক্ষিত ভোটগ্রহণ।

গঠনতন্ত্র অনুযায়ী, মোট তিনটি স্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে—প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। ইউনিয়নের আওতাধীন ৭টি ভ্যালি হলো লস্করপুর, বালিশিরা, মনু-ধলাই, লংলা, জুড়ী, সিলেট ও চট্টগ্রাম।এ নির্বাচনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ২৩১টি চা বাগান ও ফাঁড়ি বাগানের ৯৮ হাজার ৭৫২ জন চা শ্রমিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সংশ্লিষ্ট চা বাগানগুলোর প্রাথমিক বিদ্যালয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা সমন্বয়ক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
 

পাশাপাশি ২০টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন।উল্লেখ্য, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘ দিন ভোটগ্রহণ আটকে ছিল।

সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই কমিটির মেয়াদ ২০২১ সালে শেষ হলেও নতুন নির্বাচন না হওয়ায় প্রায় ৮ বছর ধরে একই কমিটি দায়িত্ব পালন করে আসছিল।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন