ছবি: সংগৃহীত
সিলেটের সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৬ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক এসব অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন পণ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৬১ হাজার ৭৩ টাকা।
বিজিবি সূত্র জানায়, বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, প্রতাপপুর ও সংগ্রাম বিওপিসহ ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা কসমেটিকস, গরু, কম্বল, টমেটো, বিস্কুট, জিরা, কিসমিস, ফুচকা, চিনি, চকলেট, জুস, আলু, সনপাপড়ি ও মুরগির বাচ্চা জব্দ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচারের সময় শিং মাছ আটক করেন বিজিবি সদস্যরা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন