সিলেট

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার 

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ২১:৫৭

ছবি: সিলেট মানচিত্র

সিলেটের কোম্পানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল আলী (৪৬) এবং ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উত্তর রণিখাই ইউনিয়নের চরার বাজার এলাকা থেকে ইসমাইল আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বিজয় পাড়ুয়া হাওর গ্রামের মৃত মহর আলীর ছেলে।

অন্যদিকে, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইয়াছিন আরাফাতকে। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা জিল্লু মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃত দুজনই সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় করা পৃথক দুটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি বলেন, পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিধি অনুযায়ী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন