সারাবিশ্ব

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ২১:৩৪

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। 

 

শুক্রবার (১৩ নভেম্বর) দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং দ্বিপক্ষীয় কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার প্রেক্ষাপটে এ অবস্থানের কথা জানায় নয়াদিল্লি।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী ধারায় এগিয়ে নিতে চায় ভারত।

 

তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

 

আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরবর্তী দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে এই বৈঠক আয়োজন করা হবে বলে জানান জয়সওয়াল।

 

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সংশোধিত ভ্রমণব্যবস্থা (রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট) সংক্রান্ত বিষয়গুলোও পরবর্তী সংলাপে আলোচনায় আসবে।

 

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে বিদ্যমান কাঠামোর আওতায় আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি পর্যায়েও আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন ভারতের এই মুখপাত্র।

 

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ওই ঘটনার পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

 

তবে ওই ভার্চ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন বা শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা কিংবা সমর্থন ছিল না বলে আগেই জানিয়েছিল নয়াদিল্লি।

 

এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের ইতিবাচক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

সারাবিশ্ব থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন