সিলেট

সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানব পাচারকারী আটক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ১৮:১৯

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ছয় বাংলাদেশি নাগরিক ও এক সন্দেহভাজন মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের সহযোগিতার অভিযোগে আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাঁশতলা সীমান্তের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজিবি জানায়, বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশকারী ছয় বাংলাদেশিকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা একজনকে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে।

আটক ছয়জনের মধ্যে দুজন গোপালগঞ্জ এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং তাদের সীমান্ত পারাপারে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে বিজিবি। এ ঘটনায় জড়িত সন্দেহে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে আটকের চেষ্টাও চলছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ২৮ বিজিবি।

উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর একই সীমান্তের বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মানব পাচারের শিকার দুই বাংলাদেশি ও এক মানব পাচারকারীকে আটক করেছিল বিজিবি। পরে তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন