প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৯
ছবি: সংগৃহীত
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রায় ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচার, সুইস ব্যাংকে অর্থ জমা এবং বিভিন্ন দেশে সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
রোববার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।
দুদকে জমা দেওয়া আবেদনে আসিফ মাহমুদের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, সারা দেশে জেলা প্রশাসক (ডিসি) পদায়ন, বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার বাণিজ্য এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে কমিশন বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপ এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যয় অস্বাভাবিকভাবে বাড়িয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অর্থ লেনদেন এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগও রয়েছে।
দুদকের আবেদনে আরও দাবি করা হয়েছে, হেলিকপ্টারে ভ্রমণের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয়, বিলাসবহুল জীবনযাপন এবং দুর্নীতির অর্থে পর্তুগাল, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে সম্পদ গড়ে তোলা হয়েছে। তাঁর দুই বোন জামাই ও এক ভাগ্নের মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগও করা হয়েছে।
এ ছাড়া আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪৫৩ কোটি টাকা বরাদ্দ ও গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আবেদনে তাঁর বাবা বিল্লাল হোসেন, এপিএস মোয়াজ্জেম হোসেন এবং পিএ মাহফুজুল আলম ভূঁইয়ার বিরুদ্ধেও ঠিকাদার সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ঘুষ লেনদেনে তদবির ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা হবে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত হয়নি।
সি/মা/ডেস্ক/এসসিজে
সারাদেশ থেকে আরো পড়ুন