সিলেট

শিবগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী আহত, ২ মোটরসাইকেল জব্দ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ১৮:৩৮

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার দেবপাড়া পয়েন্টে কিশোর গ্যাংয়ের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছেন। রোববার (মধ্যরাতে) সংঘটিত এ ঘটনায় পুলিশ দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

​আহত ব্যক্তির নাম রিপন সিংহ প্রলয়। তিনি সিলেট নগরীর দেবপাড়া এলাকার বাসিন্দা এবং জিন্দাবাজার মিলিনিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ। প্রাথমিক চিকিৎসা শেষে সোমবার সকালে তিনি বাসায় ফেরেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে রাসেল নামের এক কিশোরের মোটরসাইকেলের সঙ্গে সপন নামের অপর এক কিশোরের মোটরসাইকেলের ধাক্কা লাগে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্বপন মোবাইল ফোনে তার বন্ধুদের ডেকে আনলে তারা রাসেলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

​এ সময় মিলিনিয়াম মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী রিপন সিংহ প্রলয়সহ কয়েকজন তাদের ঝগড়া থামিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু ক্ষিপ্ত হয়ে ব্পন ও তার সহযোগীরা মধ্যস্থতাকারী রিপন সিংহসহ অন্যান্যদের ওপর হামলা চালায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দুটি মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​এ বিষয়ে আহত ব্যবসায়ী রিপন সিংহ প্রলয় জানান, "আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝগড়া দেখে তাদের নিবৃত্ত করতে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু তারা উল্টো আমাদের ওপর হামলা চালায়।" তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কেউ সমাজ বা মানুষের উপকারের জন্য এগিয়ে আসতে সাহস পাবে না।" এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে নগরীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে প্রশাসনের কঠোর ভূমিকা দাবি করেন।

​ঘটনার বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ আহমদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন