ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটি ধসে বারেক মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নয়াবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শনিবার সকালেও পিয়াইন নদীতে বালু উত্তোলনের কাজে যান বারেক মিয়া। কাজ করার একপর্যায়ে নদীর প্রায় ১৫ হাত পানির নিচে থাকা মাটির স্তূপ আকস্মিকভাবে ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় শ্রমিক ও উদ্ধারকারীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারেক মিয়ার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। জীবিকার তাগিদে নদীতে কাজ করতে গিয়ে তার এমন মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক শুভ প্রতিদিনকে বলেন, জাফলংয়ে নদী থেকে বালু উত্তোলনের সময় মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন