প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ২২:০২
ছবি: সিলেট মানচিত্র
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।প্রশিক্ষণ কর্মশালায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, মাঠপর্যায়ে দায়িত্ব পালন এবং কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ও পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু প্রমুখ।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে নির্ভুল তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা, ভুল তথ্য পরিহার এবং মাঠপর্যায়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন